রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন, ভোট আগামীকাল
নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই এবং নির্বাচনসংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। ফলে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার বিষয়ে তারা আশাবাদী। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও আগ্রহ রয়েছে। দীর্ঘ সময় পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯১ সালের পর দেশে আর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
এ এম এম নাসির উদ্দিন জানান, এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। জাতীয় সংসদের সদস্যরাই ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতাসহ সংসদীয় প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ভোটার হিসেবে ভোট দেবেন। তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন না চললেও নির্বাচনের জন্য আলাদা করে একটি বৈঠক আহ্বান করলেই ভোটগ্রহণ করা সম্ভব। এ বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিইসি আরও জানান, ভোটগ্রহণের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনার কার্যক্রমও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর চাইলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই উল্লেখ করে সিইসি বলেন, প্রতিটি প্রার্থী কত ভোট পেয়েছেন, কত ভোট বাতিল বা নষ্ট হয়েছে—সব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করার পর নির্বাচিত রাষ্ট্রপতির বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। সিইসি বলেন, দীর্ঘদিন পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের জন্যও এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এ কারণে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় অনুশীলন ও প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের ঘাটতি না থাকে। আগামীকালকের ভোটের মধ্য দিয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
আ.দৈ/আরএস




















