জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা
স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় এই শাস্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, ফিফার টায়ার-১ ম্যাচসহ জাতীয় দলের পরবর্তী ১৫ ম্যাচে মাঠে নামতে পারবেন না আল আমিন।
একই ঘটনায় বাংলাদেশের আরেক ফুটবলার মিরাজুলকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ শাস্তির সিদ্ধান্ত দিয়েছে। জুনে মালদ্বীপের বিপক্ষে ওই ম্যাচ চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর এ ঘটনায় বাংলাদেশ দলের ম্যানেজার ও মিরাজুলকে আর্থিক জরিমানা করেছিল ফিফা।
তবে আল আমিনের ক্ষেত্রে শাস্তির মাত্রা হয়েছে আরও কঠোর। ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য ফিফার দেওয়া অন্যতম বড় শাস্তি। এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
আ.দৈ/আরএস




















