
রাজধানীর আগারগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে বাধা দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘ভাইরাল মিজান’কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আগারগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় বিদ্যুৎ বিভাগের একটি দল। মিজানের দোকানের সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি কর্মকর্তাদের কাজে বাধা দেন এবং এক পুলিশ সদস্যকে বোতল দিয়ে আঘাত করেন।
পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ দিনের কারাদণ্ড দেন।
মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান ‘ভাইরাল মিজান’। তবে এবার অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কারাগারে যেতে হলো তাকে।
আ.দৈ/আরএস





















