গাজীপুর-৫ এর সাবেক এমপি আখতারুজ্জামানের ৩ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান এর আগে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে রিমান্ড আবেদনের শুনানি না হওয়ায় গত বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয় এবং সোমবার শুনানির দিন ধার্য করা হয়।
এর আগে গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। সেদিন মামলার মূল নথি আদালতে না থাকায় রিমান্ড শুনানি স্থগিত রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে আখতারুজ্জামানের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। মামলায় জড়িত পলাতক অন্য আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার, তাদের কথিত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ এবং হেফাজতে থাকা ককটেল বোমার উৎসসহ মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করে।
আখতারুজ্জামান গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। এর আগে ১৯৯৬ সালের নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
আ. দৈ./কাশেম




















