
চিত্রনায়ক সালমান শাহকে হত্যার ঘটনায় ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হয়েছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তাঁর দাবি, অন্য একটি মামলায় আসামি রিজভী আহমদের দেওয়া স্বীকারোক্তিতে এ তথ্য উঠে এসেছে।
রোববার সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হলে শুনানিতে এসব কথা বলেন পিপি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিজভী আহমদের স্বীকারোক্তিতে সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথিত সম্পর্কের বিষয়টি উল্লেখ রয়েছে। তাঁর দাবি, ওই সম্পর্কের জেরে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন।
তবে শুনানির সময় ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি।
সিআইডির আবেদনে বলা হয়, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে হেফাজতে এনে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। জামিনে মুক্তি পেলে তদন্ত ব্যাহত হওয়ার পাশাপাশি তিনি আবারও আত্মগোপন করতে পারেন বলে আশঙ্কা করছে তদন্ত সংস্থা।
মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।




















