দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে বেড়েছে ৩ লাখ
বিশেষ প্রতিবেদক

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। ১৪ মে পর্যন্ত যে ভোটার তালিকা ছিল, তার সঙ্গে পরবর্তী সময়ে নতুন ভোটার যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের প্রাথমিক পরিকল্পনা ছিল, আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা। সে অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল ইসির।
আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন এলে কিংবা কমিশন এ বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে তা সম্পূরক ভোটার তালিকা হিসেবে প্রকাশ করা হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন নির্বাচনের আচরণবিধি সংশোধনের কাজও চলছে। ইসি সচিব জানান, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধির খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে নির্বাচনী আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ এখনো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এ-সংক্রান্ত নথি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, রোববার বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়েই এখন নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
আ.দৈ/আরএস





















