হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র্যাব ও পুলিশের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার নির্দেশনায় সালাহউদ্দিন আহমদকে গুম করে র্যাবের টিএফআই সেলে আটকে রাখা হয়। সেখানে তাকে নির্যাতনের অভিযোগও তদন্তে উঠে এসেছে।
শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত দ্রুত শেষ করে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
তদন্তে সালাহউদ্দিন আহমদকে গুমের পর ভারতে পাচারের সঙ্গে জড়িতদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে তদন্ত কর্মকর্তা মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
এদিকে গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
তদন্ত সংস্থা এখন সালাহউদ্দিন আহমদের গুম, টিএফআই সেলে আটকে রাখা এবং পরবর্তীতে তাকে ভারতে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিস্তারিতভাবে যাচাই করছে।
আ.দৈ/আরএস





















