রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ নভেম্বর থেকে ঢাবির ভর্তি আবেদন, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৬১)
বিজ্ঞান ইউনিটে প্রথমবার ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র, ক্লাস শুরু ২৮ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে, যা চলবে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

রোববার বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় নতুন শিক্ষাবর্ষের ভর্তি-সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এবারও পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমবারের মতো বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের পাঠ্যক্রম অনুযায়ী পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। রাজধানীর পাশাপাশি পরীক্ষাকেন্দ্র থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষার মানবণ্টনেও আগের কাঠামো বহাল রাখা হয়েছে। চারুকলা ও আইবিএ ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে থাকবে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা। অন্যদিকে আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।

সময় বণ্টনের ক্ষেত্রে অন্যান্য ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। চারুকলায় এমসিকিউর জন্য ৩০ মিনিট এবং অঙ্কনের জন্য ৬০ মিনিট সময় দেওয়া হবে। আইবিএ ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৯০ মিনিট এবং লিখিত অংশের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার জন্য থাকবে ১০০ নম্বর এবং এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যুক্ত হবে আরও ২০ নম্বর। আবেদনের জন্য প্রার্থীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি যোগ্যতার ক্ষেত্রে ইউনিটভেদে পৃথক জিপিএ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৮.০০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও এ ইউনিটে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ৩.০০ প্রয়োজন। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই ইউনিটে আবেদন করতে পারবেন। ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্যও জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫০ এবং পৃথকভাবে ৩.০০ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্যও পৃথক যোগ্যতার শর্ত রাখা হয়েছে।

চারুকলা ইউনিটে আবেদন করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ৩.০০ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রম শেষে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী বছরের ২৮ মার্চ থেকে শুরু হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝