ফাইনালের পর ভক্তদের সামনে মেসির প্রথম উপস্থিতি
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে অবশেষে জনসমক্ষে দেখা দিলেন লিওনেল মেসি। স্পেনের কাছে ফাইনালে হারের পর কয়েকদিন নিজেকে আড়ালে রেখেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এবার নিজের শহর রোজারিওতে স্থানীয় এক ফুটবল ম্যাচে উপস্থিত হয়ে সমর্থকদের সামনে ফিরলেন তিনি।
শনিবার রোজারিওতে অনুষ্ঠিত লিওনেস দে রোজারিও ও সেন্ট্রাল কোরদোবার ম্যাচে বড় ছেলে মাতেও মেসিকে সঙ্গে নিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। কালো হুডি পরা মেসিকে স্টেডিয়ামের ব্যালকনিতে দেখা মাত্রই গ্যালারিজুড়ে শুরু হয় তার নামে স্লোগান। জবাবে হাসিমুখে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি।
লিওনেস দে রোজারিও ক্লাবটির সঙ্গে মেসির পরিবারের সম্পর্কও বেশ গভীর। ২০১৫ সালে তার পরিবারের উদ্যোগেই ক্লাবটির যাত্রা শুরু হয়। বর্তমানে আর্জেন্টিনার চতুর্থ স্তরের লিগ প্রিমেরা সি-তে খেলছে দলটি। ক্লাবটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মেসির ভাই মাতিয়াস মেসি।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ম্যাচ শেষে চোখের জল নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন প্রায় নীরব। দলের সঙ্গে দেশে না ফিরে সরাসরি নিজের শহর রোজারিওতে ফিরে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।
ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, টানা ব্যস্ত মৌসুম ও বিশ্বকাপের চাপের পর এখন পুরোপুরি মানসিকভাবে সতেজ হওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন মেসি। সেই কারণেই তাকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামিও।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির জার্সিতে আবারও মাঠে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে নতুন করে মাঠে ফেরার অপেক্ষায় এখন মেসি ও তার সমর্থকেরা।
আ.দৈ/আরএস




















