রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির, সম্মান জানাতে প্রস্তুত আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ৫৭)
X

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই প্রশ্ন উঠেছে- লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় কী হতে যাচ্ছে? তিনি কি আরও খেলে যাবেন, নাকি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন?

৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা তখন ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু না বললেও, এবার আর্জেন্টাইন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন মেসি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘বেইন স্পোর্টস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে এখনই বুট জোড়া তুলে রাখছেন না, বরং আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলে তবেই আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। অর্থাৎ, ২০৩০ বিশ্বকাপে খেলার কোনো পরিকল্পনা নেই আটবারের ব্যালন ডি'অর জয়ী এ ফুটবলারের।

২০২৬ ফিফা বিশ্বকাপটিই ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ টুর্নামেন্ট- এমনটাই ধারণা করেছিলেন ফুটবল বোদ্ধারা। ৩৯ বছর বয়সেও মেসি বয়সের সাথে লড়াই করে নিজেকে উজাড় করে দিয়েছেন।

এবারের বিশ্বকাপে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। আট গোল এবং চার অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হৃদয়বিদারক হারের পর, মেসি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও দলের কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা তার জন্য সবসময় খোলা।

অবশেষে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে এই কিংবদন্তির অবসরের সময়সূচি সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে। বিভিন্ন প্রতিবেদনের তথ্যমতে, লিওনেল মেসি জাতীয় দলের স্কোয়াডের জন্য একটি ‘মসৃণ রূপান্তর’ (smooth transition) নিশ্চিত করতে আগামী কয়েক মাস দলের সাথে থাকতে চান।

অর্থাৎ, তিনি এখনই অবসর নিচ্ছেন না, বরং আরও কয়েক মাস আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন। তবে এটা নিশ্চিত যে, ২০২৬ বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ খেলার পরিকল্পনা তার নেই। খুব শিগগিরই তিনি তার সুদীর্ঘ এবং উজ্জ্বল আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানবেন।

বিশাল বিদায় সংবর্ধনার প্রস্তুতি

মেসির এই সিদ্ধান্ত গ্রহণের পর, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন হাত গুটিয়ে বসে নেই। তারা দলের এই মহানায়কের জন্য একটি বিশেষ, হাই-প্রোফাইল বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। বিইন স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, এই আয়োজনটি হবে পুরো দেশের জন্য আবেগময় এক মুহূর্ত, যেখানে ভক্তরা ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়কে রাজকীয় বিদায় জানাতে পারবেন।

হতে যাচ্ছে বর্ণাঢ্য এক ক্যারিয়ারের সমাপ্তি!

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা ছিল নাটকীয়তায় পূর্ণ। ক্যারিয়ারের শুরুর দিকে টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হারের পর তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে সেই অন্ধকার সময় কাটিয়ে মেসি আর্জেন্টিনাকে ফুটবলের ইতিহাসের অন্যতম সফল যুগে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আর্জেন্টিনা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। এমনকি চলতি বছরের বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।

ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তির বিদায় হয়েছে নিভৃতে- কখনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে, কখনো ছোট্ট সংবাদ সম্মেলনে। তবে লিওনেল মেসির ক্ষেত্রে সেই চিত্র ভিন্ন হতে যাচ্ছে বলেই ইঙ্গিত মিলছে।

বিশ্বজুড়ে কোটি ভক্তের ভালোবাসা আর আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ এক বিদায়ী ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে সেটি হবে শুধু একজন ফুটবলারের বিদায় নয়, বরং আধুনিক ফুটবলের সবচেয়ে উজ্জ্বল এক কিংবদন্তিকে শেষবারের মতো সম্মান জানানোর আয়োজন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝