রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ.লীগের বিচার তদন্তে শিগগিরই দৃশ্যমান অগ্রগতি: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১১৫)
X

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে শিগগিরই ‘দৃশ্যমান অগ্রগতি’ দেখা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। চব্বিশের জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়াসহ সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এই স্মারকলিপি জমা দেন ১১ দলীয় জোটের নেতারা।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে, সাংসদ রোকেয়া বেগম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জোটের শীর্ষ নেতা এবং জুলাই আন্দোলনে নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে দেওয়া ৭ দফা দাবি তুলে ধরে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর মানুষের মধ্যে একটি পারসেপশন তৈরি হয়েছে যে, বিচারের গতিটা ধীর হয়ে গেছে। আমরা আশা করি, আপনারা জনগণকে সেই আস্থা দেবেন। আমাদের মূল ফোকাস হচ্ছে জুলাই গণহত্যা।

জোটের দাবিগুলোর মধ্যে রয়েছে—

উত্তরা, যাত্রাবাড়ী, বাড্ডা, মিরপুর ১০, পল্টন ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার দ্রুত তদন্ত। হত্যায় অভিযুক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার। ঢাকার বাইরে ৬১টি জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব নেতা রাজনৈতিক আশ্রয়ে আছেন, তাদের গ্রেফতার করা, সাক্ষীদের নির্ভয়ে সাক্ষ্য দিতে পারা।

গণহত্যায় উসকানিদাতা ও অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা। গুম-খুন এবং মরদেহ পোড়ানোর সঙ্গে জড়িত ডিজিএফআই, এনএসআইসহ সামরিক-বেসামরিক ব্যক্তিদের বিচার নিশ্চিত করা এবং গুম সংক্রান্ত মামলাগুলোর ধীরগতি দূর করা এবং ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, মূলহোতারা আজ দেশের বাইরে পলাতক। সরকার বলছে চিঠি লিখবে। শুধু চিঠি লেখাই যেন শেষ নয়, ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে কোর্টে হাজির করাতে হবে। এ ছাড়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার এমনভাবে করতে হবে, যেন ভবিষ্যতে ফ্যাসিবাদের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায়। আইনে কোনো ছিদ্র রাখা যাবে না।

এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান  ফুয়াদ ট্রাইব্যুনালের জনবল ও বাজেট সংকট নিরসনের দাবি জানান। তিনি বলেন, চিফ প্রসিকিউটরকে আমরা বারবার দ্রুত বিচারের কথা বলছি, অথচ তাকে ঢাল-তলোয়ার দিচ্ছি না। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের উচিত ট্রাইব্যুনালে পর্যাপ্ত প্রসিকিউটর, ইনভেস্টিগেটর এবং রিসোর্স অ্যালোকেশন করা।

মতবিনিময়কালে বিচারকাজের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ইতোমধ্যে আবু সাঈদ হত্যা মামলা এবং রামপুরা ও হাসানুল হক ইনুর ঘটনাসহ তিনটি মামলার জাজমেন্ট (রায়/সিদ্ধান্ত) হয়েছে। ওবায়দুল কাদের, মাহবুব উল আলম হানিফ, জিয়াউল হাসান এবং শহীদ জাবেরের মামলাসহ চারটি মামলার জাজমেন্ট আগামী মাসের মধ্যে আমরা পাব বলে আশা করছি।

জুলাইয়ের ঘটনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে আসা ৫৯০টি অভিযোগ থেকে ১০৯টিকে আমরা তদন্তের আওতায় এনেছি। শাপলা চত্বরসহ ১২টি তদন্ত রিপোর্ট খুব দ্রুত শেষ করে ফরমাল চার্জ দিয়েছি। আমির হোসেন আমু, দীপু মনিসহ গত দেড় বছর ধরে আটকে থাকা অনেক হাইপ্রোফাইল আসামির তদন্ত রিপোর্ট আমরা রেডি করেছি।

তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে, সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্য দিয়ে নিষ্পত্তি করতে চাই।

গুমের প্রায় চার হাজার মামলার তালিকা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সার্ভিং অফিসার থেকে শুরু করে অনেক সেনা সদস্য, যারা গুমের সঙ্গে জড়িত, তাদের রিপোর্ট আমরা ক্লোজ করে নিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-যুবলীগ ও ভিসিসহ যাদের ইন্ধনে নারকীয় ঘটনা ঘটেছিল, তার রিপোর্টও আমরা আজ হাতে পেয়েছি। আগামী সপ্তাহের মধ্যে এগুলো দাখিল করব।

১১ দলীয় জোটের স্মারকলিপি গ্রহণ করে মো. আমিনুল ইসলাম বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগ কী অপরাধ করেছে, আমি আসার পর সেই তদন্তকে ত্বরান্বিত করেছি। খুব দ্রুতগতিতে এই সংগঠনের বিরুদ্ধে ইনভেস্টিগেশন (তদন্ত) চলমান আছে এবং কিছুদিনের মধ্যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি দেখতে পাবেন।

তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগ সংগঠন হিসেবে না, আরও যদি কোনো সংগঠন এর সঙ্গে সম্পৃক্ত থাকে, যাদের কারণে দীর্ঘদিন ধরে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি হয়েছে, তারাও এখান থেকে রেহাই পাবে কি না আমি জানি না। সেই জায়গা থেকেও আমরা কাজ করছি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝