রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে ফ্রান্স-মরক্কো মুখোমুখি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৩৮)
X

একের পর এক ইতিহাস গড়ে কাতারে প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছিল মরক্কো। একটুর জন্য আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়। আফ্রিকান দেশটি এবারও সাফল্যের ধারা ধরে রেখেছে। গতবারের দুই সেমিফাইনালিস্ট এবার আরও আগেই মুখোমুখি। ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।

আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো। আর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ২০২২ আসরের রানার্সআপ। উত্তর আমেরিকার ফুটবল টুর্নামেন্টে নিশ্চিতভাবে তারা সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। মরক্কোর বিপক্ষে ফেভারিট হিসেবেই তারা মাঠে নামবে। এই আসরেও দুরন্ত গতিতে চলছে ফরাসিরা। 

পাঁচ ম্যাচের পাঁচটি জেতার পথে ১৪ গোল দিয়েছে, খেয়েছে দুটি। কিলিয়ান এমবাপের একারই গোল সাতটি। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে একটির বেশি গোল্ডেন বুট জয়ের পথে তিনি। উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্রাডলি বারকোলাকে নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ তাদের। তৃতীয় শিরোপা জেতার চ্যালেঞ্জ তাদের সামনে। কিন্তু কাজটা ততটা সহজ হবে না।

কারণ অ্যাটলাস লায়নরা এখন কেবল চ্যালেঞ্জারই নয়, তারা শিরোপা প্রত্যাশী। দেশের ইতিহাসে প্রথমবার টানা দুটি সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে তারা। চার বছর আগে কাতারে তারা স্পেন ও পর্তুগালকে বিদায় করে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল। চ্যালেঞ্জার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে তারা।

তারপর থেকে তারা কেবল মহাদেশীয় পর্যায়েই নয়, বিশ্ব ফুটবলেও গর্জন দেখাচ্ছে। ২০২৫ আফকন চ্যাম্পিয়নরা ফিফা র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। তারা কেবল অঘটন ঘটাতেই ফ্রান্সের মুখোমুখি হচ্ছে না, প্রথম শিরোপা জেতার স্বপ্ন তাদের। মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন,  `আমরা এখন কেবল বিস্ময়ই নয়, এটা আমাদের গর্ব। আমি মনে করি এটা কেবল শুরু, আশা করি অনেক বছর ধরে আমাদের এই ধারাবাহিকতা থাকবে।’

ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে মরক্কো তাদের তারকা খেলোয়াড় ইসমাইল সাইবারিকে হারিয়েছে। তিন গোল করে তিনি দেশের সর্বোচ্চ গোলদাতা। আগের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারছেন না তিনি।

কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে হারিয়ে ফ্রান্স ফাইনাল খেলেছিল। এবার ফ্রান্সকে হারিয়ে মরক্কো সেই প্রতিশোধ নিতে চাইবে। ফুটবলে প্রতিশোধের জায়গা দেখেন না দেশম, ‘ফুটবলে ম্যাচের দিন যারা খেলবে তারাই জিতবে। 

এখানে প্রতিশোধ বা অন্য কিছু তেমন নেই।’ মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। এই বিশ্বকাপেও দুর্দান্ত খেলছে। তাই মরক্কোকে যথেষ্ট সমীহ ফরাসি কোচের, ‘তারা খুবই ভালো ফুটবল খেলছে। তাদের বিপক্ষে আমাদেরও আরও ভালো খেলতে হবে।’

ওই সেমিফাইনালের পর মরক্কো ও ফ্রান্সের আর কোনো দ্বৈরথ হয়নি। তারা সব মিলিয়ে ছয়বার মুখোমুখি হয়েছে। ফরাসিরা জিতেছে চারটি, দুটি ড্র।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝