রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কোয়ার্টার ফাইনালে কবে, কে কার মুখোমুখি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৩৪)
X

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়েছে। সুইজারল্যান্ড ও কলম্বিয়ার শেষ ষোলোর ম্যাচ শেষে নির্ধারিত হয়েছে শেষ আটের সব সমীকরণ। একই সঙ্গে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালের চারটি লড়াই।

এবারের শেষ আটে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব ইউরোপের। আট দলের মধ্যে ছয়টিই ইউরোপের, আর দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকে রয়েছে একটি করে দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাশাপাশি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডও জায়গা করে নিয়েছে শেষ আটে। একদিন বিরতির পর শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

শেষ ষোলোর নাটকীয় লড়াই

বিশ্বকাপের শেষ ষোলোর প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা আর নাটকীয়তা। দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নিয়েছে অপ্রত্যাশিতভাবে। চমক দেখানো নরওয়ে ও মরক্কো তাদের রূপকথার যাত্রা অব্যাহত রেখেছে। একই সঙ্গে প্রতিবেশী পর্তুগালকে হারিয়ে শেষ আটে উঠেছে স্পেন।

শেষ ষোলোর প্রথম ম্যাচে সহ-স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারায় মরক্কো। এর মধ্য দিয়ে টানা দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস গড়ে তারা। চার বছর আগে মরক্কো প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছিল।

নিজেদের মাটিতে নকআউট পর্বে ওঠার ইতিহাস গড়লেও শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি কানাডা।

অন্য ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।

নরওয়েও ইতিহাস গড়েছে। আরলিং হলান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে ৩৬ বছরের মধ্যে প্রথমবার শেষ আটে উঠতে ব্যর্থ হয়েছে ব্রাজিল।

স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ইংল্যান্ড। ম্যাচের একটি বড় অংশ দশজন নিয়ে খেলেও জয় তুলে নিয়েছে তারা।

অন্যদিকে যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোলে ১-০ ব্যবধানে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

স্বাগতিকদের বিদায়যাত্রা অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। গ্রুপ পর্বে কিছুটা ধুঁকলেও নকআউট পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে বেলজিয়ানরা।

আর্জেন্টিনার শিরোপা রক্ষার পথও মোটেই সহজ ছিল না। বত্রিশ দলের পর্বে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোর ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে তারা।

শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড।

কোয়ার্টার ফাইনালের সূচি

প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার ২-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল ফ্রান্স। ফলে এবার সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম মুখোমুখি হবে। ১৬ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফিরেছে স্পেন। অন্যদিকে আট বছর পর শেষ আটে উঠেছে বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়া নরওয়ের প্রতিপক্ষ হবে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবারের মতো শেষ আটে উঠেছে নরওয়ে।

শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। নিজেদের ১৯তম বিশ্বকাপে খেলছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ছয়বার ফাইনালে উঠে তিনবার শিরোপা জিতেছে তারা। এবার ৬৪ বছরের মধ্যে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য তাদের। অন্যদিকে ৭২ বছর পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড।

জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই

সেমিফাইনালের লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার প্রতিযোগিতাও।

এখন পর্যন্ত আট গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার ঠিক পেছনেই সাতটি করে গোল নিয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের এরলিং হলান্ড। এমবাপ্পে এর পাশাপাশি দুটি গোলে সহায়তাও করেছেন।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন মেসি। অন্যদিকে বিশ্বকাপে খেলা প্রতিটি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন হলান্ড।

ছয় গোল নিয়ে এখনো দৌড়ে আছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও।

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে হলান্ডের নরওয়ে ও কেইনের ইংল্যান্ড। ফলে এই ম্যাচের পর সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে একজনের যাত্রা থেমে যাবে, আর অন্যজন এগিয়ে যাবেন আরও এক ধাপ।

এ ছাড়া চারটি করে গোল নিয়ে এখনো প্রতিযোগিতায় রয়েছেন ফ্রান্সের উসমান দেম্বেলে এবং স্পেনের মিকেল ওয়ারসাবাল। তাই বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে সর্বোচ্চ গোলদাতার লড়াইও।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝