রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির আর্জেন্টিনার সামনে সালাহর মিশরের কঠিন পরীক্ষা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৬:৫৮ পিএম  (ভিজিট : ৩৪)
X

বিশ্বকাপের শেষ ষোলোয় আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল মিশর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে ঘিরে দুই দলের লড়াইয়ের আগেই শুরু হয়েছে কথার যুদ্ধ। একদিকে বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি, অন্যদিকে মোহামেদ সালাহকে সামনে রেখে চমকের স্বপ্ন দেখছে মিশর।

এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। টানা গোল করে আর্জেন্টিনাকে শেষ ষোলোয় তুলেছেন তিনি। ফুটবলবিশ্বের অনেক তারকাই মেসিকে সর্বকালের অন্যতম সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেই মেসিকে নিয়েই সবচেয়ে বেশি সতর্ক মিশর।

তবে ম্যাচের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন মিশরের সহকারী কোচ ব্রাহিম হাসান। স্থানীয় টেলিভিশন চ্যানেল সাদ আল বালাদকে তিনি বলেন, ‘তাদের মেসি আছে, আমাদের আছে মোহামেদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আশা করি, আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন।’

তার এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যমগুলো এটিকে আর্জেন্টিনাকে উসকে দেওয়ার কৌশল হিসেবে দেখছে। ব্রাহিম হাসান বলেন, ‘আমরা মেসিকে দেখি না। আমরা খেলোয়াড়দের বলি, প্রতিপক্ষের দিকে নয়, নিজেদের খেলায় মনোযোগ দিতে। আমরা শুরু থেকেই বলেছি, শুধু অংশ নিতে আসিনি; যতদূর সম্ভব এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’

এদিকে মিশরের কোচিং স্টাফের বক্তব্যকে খুব একটা গুরুত্ব না দিলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। দলের সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো মনে করেন, আফ্রিকার দলটি শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী।

আগুয়েরো বলেন, ‘অনেক খেলোয়াড় আগের ম্যাচে ক্র্যাম্পে ভুগছিল। এখন আমাদের খেলতে হবে এমন একটি দলের বিপক্ষে, যারা শারীরিকভাবে খুবই শক্তিশালী। আমার মনে হয়, কেপ ভার্দের তুলনায় মিশরের আক্রমণভাগ আরও মানসম্পন্ন।’

আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও কঠিন লড়াইয়ের আভাস দিয়েছেন। তার ভাষায়, ‘এটি খুব কঠিন একটি ম্যাচ হবে। আমরা ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আছি এবং এখানে প্রতিটি দলই ভালো ও শারীরিকভাবে শক্তিশালী।’

শেষ ৩২-এর লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিশর। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।

অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। গরম আবহাওয়ায় খেলা সেই ম্যাচে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ক্লান্তিতে ভুগলেও এবার সে সমস্যা থাকছে না। ম্যাচটি হবে আটলান্টার শীতাতপ নিয়ন্ত্রিত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যেখানে বাইরের উচ্চ তাপমাত্রার কোনো প্রভাব থাকবে না।

আর্জেন্টিনা ও মিশর এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।তবে বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের পরিসংখ্যানের চেয়ে বর্তমান ফর্মই বেশি গুরুত্বপূর্ণ। মেসির নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে সালাহকে সামনে রেখে বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মিশর।

যে দলই জিতুক, তাদের জন্য অপেক্ষা করছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মঞ্চ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝