বিশ্বকাপে ইতিহাস গড়ে জার্মানির বিদায় নিশ্চিত করল প্যারাগুয়ে
স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবল বিশ্ব দেখল ইতিহাসের অন্যতম বড় এবং নাটকীয় অঘটন। শেষ ৩২-এর (রাউন্ড অব ৩২) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ফিফা র্যাংকিংয়ের ৪১ নম্বর দল প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় প্যারাগুয়ে।
ফুটবল বোদ্ধাদের মতে, বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে এটিই এখন পর্যন্ত অন্যতম বড় ‘জায়ান্ট কিলিং’ বা অঘটন। এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপে বুলগেরিয়ার কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির হারটিকে সবচেয়ে বড় বিপর্যয় মনে করা হতো, যা এবার টপকে গেল প্যারাগুয়ে।
ম্যাচে প্রথমার্ধের ৪২ মিনিটে হুলিও এনসিসোর দুর্দান্ত এক হেডারে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ছন্নছাড়া জার্মানি। তবে দ্বিতীয়োর্ধ্বে ঘুরে দাঁড়ায় তারা। বিরতির ঠিক ৮ মিনিট পর কাই হাভার্টজের গোলে সমতায় ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এরপর কর্নার থেকে জার্মানি আরও একটি গোল করলেও তা ভিএআর রিভিউয়ের মাধ্যমে বাতিল করা হয়, কারণ গোল করার মুহূর্তে প্যারাগুয়ের গোলরক্ষককে ফাউল করা হয়েছিল। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
চলতি মৌসুমে আর্সেনালকে দীর্ঘ ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা ফরোয়ার্ড কাই হাভার্টজ শুটআউটের প্রথম কিকটিই মিস করে বসেন। জার্মানি সব মিলিয়ে মোট ৩টি স্পট কিক মিস করে। অন্যদিকে প্যারাগুয়ে ২টি মিস করলেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে উল্লাসে মেতে ওঠে।
এই হারের মাধ্যমে জার্মানির ফুটবল ইতিহাসে দুটি লজ্জার রেকর্ড যুক্ত হলো। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো পেনাল্টি শুটআউটে হারল জার্মানি। বিশ্বকাপে প্যারাগুয়েই হল প্রথম দল যারা জার্মানি টাইব্রেকারে হারানোর রেকর্ড গড়েছে। এছাড়া ২০১৪ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতার পর বিশ্বমঞ্চের নকআউট পর্বে নিজেদের হারিয়ে খোঁজার ব্যর্থতার ধারা এবারও ভাঙতে পারল না তারা।র্যাংকিংয়ের ১০ নম্বর দল জার্মানিকে হারিয়ে ৪১ নম্বরে থাকা প্যারাগুয়ে এখন ফুটবল রূপকথার নতুন এক অধ্যায় রচনা করল।
আ.দৈ/আরএস




















