ইরানকে বিদায় করতেই পাতানো ম্যাচ? জবাব দিলেন অস্ট্রিয়ার কোচ
স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের একেকটি আসরে যেমন গৌরব ও বীরত্বের আখ্যান তৈরি হয়, তেমনি তৈরি হয় ট্র্যাজেডি ও হৃদয় ভাঙার গল্পও। তেমনি এক হৃদয় ভাঙার শিকার ইরানও।
টুর্চনামেন্রটের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের প্রশাসনের বৈষম্যের শিকার হয়েও বিশ্বমঞ্চের দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ ছিল যুদ্ধবিধ্বস্ত দলটির। রাউন্ড অব ৩২ তে খেলতে ইরান তাকিয়ে ছিল আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের দিকে। কারণ আলজেরিয়া বা অস্ট্রিয়ার হার হলে নকআউটে ওঠার সুযোগ ছিল তাদের সামনে।
অস্ট্রিয়া ও আলজেরিয়ার এই ম্যাচও ছিল চরম নাটকীয়তায় মোড়া। আক্রমণ- পাল্টা আক্রমণের পসরা, এক দলের গোল করে এগিয়ে যাওয়া, আরেক দলের সমতায় ফেরা- এসব মিলিয়ে দুই দলের ম্যাচটি যেন ছিল কোনো থ্রিলার সিনেমা। রোমাঞ্চকর এই ম্যাচটিতেই ম্যাচের অতিরিক্ত সময়ে আলজেরিয়া গোল করে এগিয়ে যাওয়ার পর ইরানের সমর্থকদের মধ্যে আশার আলো জ্বলে ওঠে। কিন্তু সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র এক মিনিটের ব্যবধানে অস্ট্রিয়া সমতাসূচক গোল করে ম্যাচ ৩-৩ করে ফেলে। এই ড্রয়ের ফলে আলজেরিয়া ও অস্ট্রিয়া দুই দলই তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।
এদিকে অস্ট্রিয়া-আলজেরিয়ার এমন রোমাঞ্চকর ম্যাচ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে ষড়যন্ত্রের গল্প। অনেক সমর্থকই মনে করছেন, ইরানকে বাদ দিতেই এমন একটি ম্যাচ সাজানো হয়েছে। তবে পাতানো ম্যাচের অভিযোগ উড়িয়েই দিয়েছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। তিনি বলেন, ‘এমন একটা ম্যাচে যদি স্কোরলাইন ৩-৩ হয়, বিশেষ করে শেষ ৯০ সেকেন্ডে যা হয়েছে, এরপর... তাহলে কেউই বলতে পারে না আগে থেকে সব ঠিক করা ছিল।’
ম্যাচের শেষ ১৫ মিনিটে যারা দেখেছেন তারা এই ম্যাচকে পাতানো বলতে পারবেন না বলেও জানান অস্ট্রিয়ার এই কোচ। তিনি বলেন, ‘শেষ ১৫ মিনিট যারা দেখেছে, তারা কেউই বলতে পারবে না যে সবাই ড্র চেয়েছিল। নিশ্চয় ৯৩ মিনিটে দুই দল মিলে ঠিক করেনি, চল, আমরা আরেকটা করে গোল করি।’
তিনি আরও বলেন, ‘আমি ৪০ বছর ধরে কোচিং পেশায় আছি। আমার মনে পড়ছে না কোনো ম্যাচে এমন নাটক হয়েছে। তিন মিনিট বাকি থাকতে যদি কাউকে বলতেন এমন কিছু হবে, তাহলে আপনাকে পাগল ঠাউরাত সম্ভবত। সবাই হয়তো ০-০ বা ১-১ ড্র হবে এমন কিছু ভেবেছিল, কিন্তু ৩-৩ ড্রটা অবিশ্বাস্য। আলফ্রেড হিচকক এই ম্যাচের এমন চিত্রনাট্য লিখলে তাকে আমি পাগল বলে উড়িয়ে দিতাম।’
আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ তো জানিয়েছেন নাটকীয় এই ম্যাচ দিয়ে মূলত ফুটবলেরই জয় হয়েছে। তিনি বলেন, ‘আমি খুশি যে এই ম্যাচে ফুটবল জিতেছে। ৩-৩ গোলের ড্রই বলে দিচ্ছে তা।’
আ.দৈ/আরএস




















