সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি দেখানো সেলিমের বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের দৌরাত্ম এখনো কমেনি। রাজধানীর মিরপুর শাহআলী এলাকায় সেলিমুজ্জামান নামের এক আওয়ামী দোসরের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে একটি পরিবার। তার এসব অত্যাচার থেকে রেহাই পাওয়া ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শফিউল আমিন ফরহাদ নামের এক ভুক্তভোগি। সোমবার শাহআলী এলাকার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, তিন দশকের বেশি সময় ধরে রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার ব্লক-সি এলাকায় সুনামের সঙ্গে বসবাস করে আসছেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর কাশেম মোল্লার ভাইগ্না, মিরপুর থানা সৈনিক লীগের পদধারী নেতা এবং নিজেকে সাংবাদিক পরিচয়দানকারী সেলিমুজ্জামান খান বিভিন্নভাবে তাকে এবং তার পরিবারকে হয়রানি করে আসছে। সেলিমুজ্জামান খান অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে এলাকায় পরিচিত। বর্তমানে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন।
তিনি জানান, সেলিমুজ্জামান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেন বলে এলাকাবাসীর মধ্যে অভিযোগ রয়েছে। সেলিমুজ্জামান খান অতীতেও বিভিন্ন অজুহাত ও মিথ্যা অভিযোগ তুলে তার কাছে একাধিকবার অর্থ দাবি করেছেন। কখনো সাংবাদিকতার প্রভাব খাটানোর কথা বলেছেন, কখনো আবার বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তাকে চাপ প্রয়োগের চেষ্টা করেছেন। কিন্তু তিনি এ অযৌক্তিক দাবি মেনে নেননি।
শফিউল আমিন বলেন, গত ২৯ মে সকালে এলাকায় চলাচলের সময় সেলিমুজ্জামান খান তাদের পথরোধ করেন। এ সময় সেলিম প্রকাশ্যে নানা ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করারও হুমকি দেন। শুধু তাই নয়, তিনি রাজনৈতিক ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি প্রদান করেন। এ ঘটনার পর থেকে শফিউলের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
পরিবারটির আশঙ্কা, যেকোনো সময় তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হতে পারে অথবা মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হতে পারে। এ অবস্থায় সেলিমুজ্জামানের কর্মকান্ড তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণরে দাবি জানিয়েছেন ভুক্তভোগি শফিউল আমিন ফরহাদ।
আ.দৈ/আরএস




















