শিবির নেতা মোর্তোজাকে গুমের মামলার প্রতিবেদন ৭ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গোলাম মোর্তোজা নামে বাংলাদেশ ছাত্রশিবিরের এক নেতাকে গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত চলছে। ওই মামলার প্রতিবেদন আগামী ৭ সেপ্টেম্বর দাখিলের জন্য দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলার আসামি চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (১০ জুন) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই দিন ঠিক করেন।
এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় চান। পরে আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন আদালত।
এ মামলায় মোহাম্মদ সোহায়েলকে একমাত্র আসামি করা হয়েছে। গুমের ঘটনার সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখায় পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন নেতা গোলাম মোর্তোজাকে তুলে নিয়ে যান র্যাব সদস্যরা। পরে তাকে ৪৭ দিন পর্যন্ত আয়নাঘরে বন্দি রাখা হয়। সোহায়েলের নির্দেশে তাকে গুম করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আ. দৈ./কাশেম




















