পল্লবীতে নিখোঁজ দুই কিশোরী নীলফামারীতে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। উদ্ধার হওয়া ভিকটিমদ্বয় দুজনেই পেশায় পোশাক শ্রমিক।আজ মঙ্গলবার (৯ জুন) ভোরে তাদের উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ২ জুন সকাল ৯ টার দিকে পল্লবী থানা এলাকায় বসবাসকারী দুটি মেয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তাদের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্তানদের কোনো খোঁজ না পেয়ে গত ৩ জুন উভয় পরিবার পল্লবী থানায় হাজির হয়ে পৃথক দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি করে।
পরবর্তীতে পল্লবী থানার একটি চৌকস টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করে ৯ জুন রাত ৩ টার দিকে নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, নিখোঁজের পেছনে কোনো অপহরণ বা অপরাধচক্রের হাত ছিল না, বরং দুই কিশোরীর নিজেদের মধ্যকার গভীর সম্পর্ক এবং পরিবারের বাধা এড়াতে তারা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিল। উদ্ধারকৃত দুই ভিকটিমকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ ইমু




















