১১ জুন নতুন বাজেট পেশ
বিএনপি সরকারের বাজেট অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক

আজ রোববার বিকেল ৩টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন। ঢাকার শেরে বাংলা নগরের সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই কার্যসূচি শুরু হয়। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। এর আগে গত ১২ মার্চ এই সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়েছিল।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করাই এই অধিবেশনের মূল লক্ষ্য। বর্তমান সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতিফলন ঘটবে এই বাজেটে, যার ওপর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, মন্ত্রী, হুইপ, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা-উপনেতা এবং প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনায় অংশ নেবেন। আগামী ৩০ জুন কণ্ঠভোটের মাধ্যমে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
অধিবেশনের শুরুতেই স্পিকার দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদীয় রীতি অনুযায়ী প্রয়াত এই রাজনীতিবিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়।
এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই অধিবেশন পরিচালনা করবেন।
ঘোষিত তালিকায় প্রথম স্থানে রয়েছেন মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় অবস্থানে আছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক এবং তৃতীয় স্থানে রয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে তালিকার চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
মূলত অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছর মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে।
আ.দৈ/আরএস/এএইচএইচ




















