আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে। অভিযুক্তকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলে যাতে আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়ে দায় এড়াতে না পারে, সে বিষয়ে আইনগত পরামর্শ দেবেন তিনি।
তিনি বলেন, এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। বাংলাদেশে এর আগে এমন ঘটনা ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, ইতোমধ্যে একজন অভিভাবক মামলা করেছেন।
তদন্তে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বৈঠকে অংশ নেওয়ার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, বিশ্বাস করি, প্রকৃত দায়ী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেটিই আমাদের প্রত্যাশা।
আ.দৈ/আরএস




















