সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভুল তথ্যের প্রতিবাদ
ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ নিয়ে সুস্পষ্ট বক্তব্য
নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগ মাধ্যমের (বিশেষ করে ফেসবুক) বিভিন্ন পেজ ও গ্রুপে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মী পরিচয়ে পথকুকুর তুলে নেওয়া সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর ও অসত্য তথ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রচারণায় দাবি করা হয়েছে,ডিএসসিসি’র কর্মীরা উদ্দেশ্যহীনভাবে কুকুর তুলে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে হুমকি প্রদান করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
আজ মঙ্গলবার (১৯ মে) জনসংযোগ কর্মকর্তা মোঃ রাসেল রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ডিএসসিসির বক্তব্য প্রচারের অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীকে যেকোনো ধরনের জনদুর্ভোগ এবং 'পাবলিক নুইসেন্স' (Public Nuisance) থেকে রক্ষা করা সিটি কর্পোরেশনের একটি অন্যতম মৌলিক ও আইনি দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটির কোনো এলাকায় পাগলা কুকুরের উপদ্রব দেখা দিলে কিংবা কুকুরের কামড়ে সাধারণ মানুষ (বিশেষ করে শিশু ও পথচারী) আহত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে, জননিরাপত্তার স্বার্থে কর্পোরেশন সেখানে তাৎক্ষণিক ও নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করে।
জনস্বার্থে এ ধরনের অসুস্থ বা আক্রমণাত্মক কুকুরগুলোকে সংগ্রহ করে ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক উপায়ে বন্ধ্যাকরণ (Neutering) এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের আওতায় আনা হয়, যাতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি না থাকে। চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো অবস্থাতেই কুকুর নিধন বা প্রাণীর প্রতি অমানবিক আচরণ সমর্থন করে না। বরং প্রাণিসম্পদ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবেশের ভারসাম্য ও জননিরাপত্তা নিশ্চিত করতে কর্পোরেশন সম্পূর্ণ বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতি অনুসরণ করে।
ডিএসসিসি’র (DSCC) ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে, নগরবাসীকে বিভ্রান্ত না হতে এবং গণমাধ্যমসহ সচেতন নাগরিকদের সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।
আজ. দৈ./কাশেম




















