বগুড়ায় বান্ধবীকে ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একই রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় অবস্থিত লাক জোন নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিকসহ আরো একজন উপস্থিত ছিলেন।
পরে তারা মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত ১০টা ১৫ মিনিটের দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট সড়কের পাশে একটি নির্মাণাধীন পুরোনো ভবনে যায়। সেখানে রকি নামে আরও একজন যোগ দেন।
ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে অভিযুক্ত বাধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে ওই তরুণী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এ সময় বাধন পালিয়ে যায়।খবর পেয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারদের সোমবার আদালতে পাঠানো হয়।
আ. দৈ./কাশেম/ জাকির




















