বিপিএলে ফিক্সিং কাণ্ডে পাঁচজনের ওপর নিষেধাজ্ঞা বিসিবির
স্পোর্টস ডেস্ক

অবশেষে অপেক্ষার পালা শেষ। ২০২৫ বিপিএলকে সামনে রেখে কারা ফিক্সিংয়ে জড়িত ছিলেন তাদের নাম জানা গেছে। আজ এক বিবৃতি দিয়ে ৫ জনের নাম জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি।
সেই চারজন হচ্ছেন লাবলুর রহমান, তৌহিদুল হক তৌহিদ, রেজওয়ান কবির সিদ্দিকী, সামিনুর রহমান ও অমিত মজুমদার। এর মধ্যে অমিত ঘরোয়া ক্রিকেটার। বাকি তিনজন ফ্র্যাঞ্চাইজি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট। লাবলু চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার, তাওহিদ নোয়াখালী এক্সপ্রেসের সহ-স্বত্বাধিকারী, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক এবং সামিনুর রহমান।
অভিযুক্তরা অভিযোগের জবাব দিতে ১৪ দিন সময় পাচ্ছে। এই সময়ের মধ্যে তারা নিজেদের আত্মপক্ষ সমর্থন করতে পারবেন। এই প্রক্রিয়া চলাকালীন বিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।
বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে আবারও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তে জুয়া, দুর্নীতির প্রস্তাব, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের মতো গুরুতর অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে জুয়া-সংশ্লিষ্ট কর্মকাণ্ড, দুর্নীতির প্রস্তাব, তদন্তে সহযোগিতা না করা, গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ গোপন বা মুছে ফেলার মতো ঘটনা ঘটিয়েছেন অভিযুক্তরা।
অন্যদিকে বিপিএলের আগের তিনটি আসরে (৯ম, ১০ম ও ১১তম) ম্যাচ সংশ্লিষ্ট দুর্নীতি ও বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের দায়ে সামিনুর রহমানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি বহিষ্কারাদেশ দিয়েছে বিসিবি। সামিনুর নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে।
আ.দৈ/আরএস




















