যশোরে ঘর ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে দোকান ঘর ভাড়া দিতে রাজি না হওয়ায় আনিছুর রহমান (৬৭) নামে এক আমদানিকারক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (৬ মে) দিবাগত রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক এবং স্থানীয় ‘আনিস প্লাজা’র স্বত্বাধিকারী। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গেছে, নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ‘আনিস প্লাজা’য় একটি দোকান ঘর ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু আনিছুর রহমান তাকে ঘর ভাড়া দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহামুদ ব্যবসায়ী আনিছুর রহমানকে তার বাড়ির সামনে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে পথে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নওয়াপাড়ার বাড়িতে তার লাশ আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে সুরতহাল সম্পন্ন করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
আ. দৈ./কাশেম/ জাকির




















