যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ অজ্ঞান পার্টির সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ী থানাধীন ধোলাই পাড় চত্তরের উত্তর-পশ্চিম পার্শ্ব টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইফুল ইসলাম (৬০), মোঃ অপু আহমেদ সরকার (৩৮), মোঃ সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মন্ট ব্যাপারী ওরফে মিন্ট ব্যাপারী ওরফে মিটু (৫২), মোঃ মকবুল খন্দকার (৫৫) ও মোঃ টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)।
এসময় তাদের কাছ থেকে হামদর্দ ল্যাবরেটরীজ-এর লোগো সম্বলিত একটি প্যাকেটে রাখা পলিথিনে চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় রাখা চেতনানাশক হালুয়া, চেতনানাশক ইনজেকশন , অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক ৭টি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করত। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ ইমু




















