গুরুতর অসুস্থ মামলার বাদি প্রতিবেদন দাখিলে সময় দাবি
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেছেন সাবেক ব্যাংক কর্মকর্তা আনোয়ারা বেগম। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ। এ মামলার কার্যক্রম ও প্রতিবেদন দাখিল করা থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন তিনি। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার পীযূষ কুমার চৌধুরী বরাবর আবেদন করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি কিডনি রোগের শেষ পর্যায়ে আছেন। হাঁটাচলা করতে অক্ষম, হাত-পা ফুলে গেছে। রেজিস্টার্ড নেফ্রোলজিস্ট ডা. দেবাশীষ সাহা তাকে এক মাসের সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন। এর আগে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। তার স্বামী সাবেক প্রথম শ্রেণির সিনিয়র সরকারি কর্মকর্তা হার্টের ছয়টি ব্লক নিয়ে জটিল অপারেশনের রোগী।
এদিকে বাদীর স্বামীর ভাইয়েরা মাদকাসক্ত। তাদের মোকাবিলা করার মতো শারীরিক ও মানসিক শক্তি আনোয়ারা বেগমের নেই। এছাড়া কালীগঞ্জের দুর্গম গ্রাম এলাকায় ঢাকার কোনো আইনজীবী যেতে রাজি হননি। গ্রামের বাড়িতে তার কোনো নির্দিষ্ট প্রতিনিধিও নেই। অন্যদিকে বিবাদী পক্ষ লন্ডনের স্থায়ী বাসিন্দা। তারা পাউন্ডে আয় করেন এবং আব্দুল কাইয়ুম খানের মাদকাসক্ত ভাইদের টাকার বিনিময়ে প্রভাবিত করছেন।
জানা গেছে, একই জমি নিয়ে ২০২২ সালে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ কর্তৃক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আব্দুল কাইয়ুম খানের দুই ভাই এবং বিবাদীর ভাসুর উক্ত মামলার আসামি ছিলেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।
একই সম্পত্তি নিয়ে বাদী কর্তৃক দায়েরকৃত দেওয়ানি মামলা গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতে এবং বিবাদী কর্তৃক দায়েরকৃত ফৌজদারি মামলা গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। পাশাপাশি একই বিষয়ে জুডিশিয়াল প্রতিবেদন থাকায় এবং দুটি মামলা উপযুক্ত আদালতে বিচারাধীন থাকায় নতুন করে দখল সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ বা বাদীর উপস্থিতি-অনুপস্থিতির বিষয়ে প্রতিবেদন প্রদানের এখতিয়ার নেই।
বাদীর শারীরিক অবস্থা, বিদ্যমান জুডিশিয়াল প্রতিবেদন এবং আদালতে বিচারাধীন মামলাসমূহ বিবেচনায় নিয়ে এই বিষয়ে কোনো প্রকার নতুন কার্যক্রম গ্রহণ বা প্রতিবেদন দাখিল করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আনোয়ারা বেগম।
এ বিষয়ে সিনিয়র সহকারি কমিশনার পিযুষ কুমার টৌধুরী জানান, এ সংক্রান্তে আদালতেও মামলা রয়েছে। যে কারণে তাদের ডাকা হযেছে যে কারণে তাদের উপস্থিত না থাকলেও চলবে। এছাড়া তাদের আগেও ডাকা হয়েছিল। যেহেতু এ নিয়ে মামলার কার্যক্রম চলমান তাই এখনি এ মামলার রায় বা প্রতিবেদন দেয়া নিশ্চিত নয় বলে জানান তিনি।
আ.দৈ/আরএস




















