মনোনয়নপত্র সংগ্রহের সময় আ’লীগ ও বিএনপি পন্থিদের মধ্যে সংঘাত
সুপ্রিম কোর্টের পর চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনেও হট্টগোল
নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নিয়ে হট্টগোলের পর এবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে মনোনয়নপত্র সংগ্রহের সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা এবং হট্টগোলের খবর পাওয়া গেছে। এই নির্বাচনে
মনোনয়নপত্র সংগ্রহের সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে প্রচন্ড উত্তেজনা এবং হট্টগোল হয়েছে।
আজ সোমবার (৪ মে) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম জেলা আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-সমর্থিত আইনজীবীরা তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুর রশিদের নেতৃত্বে আইনজীবীরা বার লাইব্রেরিতে প্রবেশের চেষ্টা করলে প্রবেশমুখেই তাদের থামিয়ে দেওয়া হয়।
তবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন। পরে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, সাধারণ আইনজীবী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে তারা বাধার মুখে পড়েছেন।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, তারা কোনো বাধা দেননি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তফশিল অনুযায়ী, ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপত্তি শুনানি, ৮ মে মনোনয়ন প্রত্যাহার, ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আ. দৈ./কাশেম




















