
দেশের তৃণমূল ফুটবল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-১৫ পর্যায়ের বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে। সর্বশেষ ধাপে ৩৬ জন কিশোর ফুটবলার পেয়েছেন ‘ইয়েস কার্ড’, যা তাদের ভবিষ্যতে জাতীয় বয়সভিত্তিক দল বা বাফুফে একাডেমিতে সুযোগের পথ খুলে দেবে।
গত বছর বাফুফে দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল, যেখানে হাজারের বেশি তরুণ ফুটবলার অংশ নেয়। সেখান থেকে প্রাথমিকভাবে ১২৮ জনকে বাছাই করা হয়।
পরবর্তীতে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত ট্রায়ালের মাধ্যমে তাদের আরও যাচাই-বাছাই করা হয়। সেই ধাপ শেষে ৩৬ জন ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়।
অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম বলেন, দীর্ঘমেয়াদি ফুটবল উন্নয়নের জন্য শক্তিশালী পাইপলাইন তৈরি করা জরুরি। সেই লক্ষ্যেই এই বয়সভিত্তিক বাছাই কার্যক্রম চালানো হচ্ছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে সাফল্য এসেছে, বিশেষ করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর তৃণমূল পর্যায়ে আরও গুরুত্ব দিচ্ছে বাফুফে। সেই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে দেশজুড়ে আবারও অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
আ.দৈ./ এম.এস




















