
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। আজ রাতের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে পেশোয়ার জালমি ও হায়দ্রাবাদ কিংসমেন।
ফাইনালের আগে বাংলাদেশি পেসার নাহিদ রানাকে দলে অন্তর্ভুক্ত করে বড় চমক দিয়েছে পেশোয়ার জালমি। টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচ খেললেও জাতীয় দলের ব্যস্ততায় তিনি দেশে ফিরে গিয়েছিলেন। ফাইনালের আগে তাকে আবারও দলে ভেড়ানো হয়েছে, যা জালমির বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দলে অভিজ্ঞ সুফিয়ান মুকিম ও ইফতেখার আহমেদের মতো বোলাররা নিয়মিত ভালো পারফর্ম করে আসছেন। ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম, মোহাম্মদ হারিস ও কুশল মেন্ডিস। এবারের আসরে ধারাবাহিকভাবে রান করে শীর্ষে আছেন বাবর আজম।
অন্যদিকে হায়দ্রাবাদ কিংসমেন শুরুটা ভালো না করলেও পরবর্তীতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়েছে দলটি। গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশানে, উসমান খান ও মাজ সাডকাটের মতো তারকা খেলোয়াড়রা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দুই দলের শক্তির ভারসাম্য এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফাইনালটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আ.দৈ./ এম.এস




















