২০২৪ সালে জুলাই-আগস্টে গণহত্যা মামলার বিচার শুরু ট্রাইব্যুনালে
মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে চার্জ গঠন
নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৯ জুন দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানি গ্রহণ শেষে চার্জ গঠনের আদেশ দেন। শুনানিকালে নিজেকে নির্দোষ দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। আর ন্যায়বিচার দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম।
রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালপর বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদেশের সময় রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় ট্রাইব্যুনালে মেনন বলেন, ‘আমি নির্দোষ। ন্যায়বিচার চাই।’ আর অভিযোগ মিথ্যা, বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মো. কামরুল ইসলাম ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আসামিপক্ষের অব্যাহতি আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশসহ সূচনা বক্তব্যের জন্য আগামী ৯ জুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
আ. দৈ./কাশেম




















