কক্সবাজারে ২৫ হাজার ইয়াবাসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে ঢাকাগামী একটি টাটা কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে।
গতকাল বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করা হয়। এসময় হ্নীলা হতে ঢাকাগামী একটি সন্দেহজনক টাটা কাভার্ড ভ্যান থামানো হয়। পরবর্তীতে গাড়ির চালক মোঃ রাসেল ফরাজি (৪০) এবং অপর আরোহী মেহেদী হাসান টিপু (২২) এর গতিবিধি ও কথাবার্তা অসংগতিপূর্ণ হওয়ায় গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। তল্লাশি করে কাভার্ড ভ্যানের চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ২৪ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৪০ হাজার টাকা।
আটককৃত রাসেল ফরাজী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরপাশা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং মেহেদী হাসান টিপু কুমিল্লার লাকসাম উপজেলার খাড়াখাল গ্রামের তাজুল ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আ. দৈ./কাশেম/ ইমু




















