রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় নিহত-১
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।আজ রোববার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আরিফ বলেন, আজ বেলা আড়াইটার দিকে মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে আমিসহ কয়েকজন পথচারী দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। আমরা তার নাম–পরিচয় এখনো জানতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার জন্য ইতোমধ্যেই পুলিশের ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তি সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে।
আ. দৈ./কাশেম/ ইমু




















