শাস্তির আওতায় রাজউকের দুর্নীতিবাজরা, কয়েকজনকে বরখাস্ত-বদলি
সুজিৎ নন্দী

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় বাড়ি তৈরির নকশায় সংস্থাটির অনুমোদন নিতে হয়। নকশা অনুযায়ী ভবন নির্মাণের দেখভাল, ভূমি ছাড়পত্র, প্লট-ফ্ল্যাট বিক্রি, হস্তান্তর, নামজারি, আমমোক্তারনামা, মালিকানা জালিয়াতি সব ক্ষেত্রেই চলে দুর্নীতি। টাকা ছাড়া কোনও সেবাই পাওয়া যায় না। প্রতিষ্ঠানটির কর্মচারীরা মিলে গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট।
বর্তমান সরকার গঠনের পর শাস্তির আওতায় আসছে দুর্নীতিবাজ এসকল কর্মচারীরা। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় একাধিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। ঢাকার বাইরে বদলি করা হয়েছে দুর্নীতিবাজ এই সিন্ডিকেটের ৪ সদস্যকে। যাদের বেশিরভাগই বিভিন্ন সময়ে বিভাগীয় মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন।
রাজউক প্রশাসন সূত্রে এসকল তথ্য জানা গেছে। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান সরকার গঠনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান জাকারিয়া তাহের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজউকের দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যেগ নেন। এরই মধ্যে দুর্নীতিবাজ ও অনিয়মের অভিযোগে একাধিক কর্মচারি ও কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন।
ইতোপূর্বে বিভাগীয় মামলা চলমান রয়েছে ২৩ জন কর্মচারীর বিরুদ্ধে। এছাড়াও অনিয়মের অভিযোগ থাকায় ঢাকার বাইরে বদলি করা হয় ৪ জন কর্মকর্তাকে।
আ.দৈ/আরএস




















