আশুলিয়ার দুই যুবককে গুলিকরে ২ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ার জামগড়ায় দুর্বৃত্তের গুলিতে মো. আল-আমিন (৩০) ও মো. পারভেজ (২২) নামের দুই যুবককে গুলি করে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ওই দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ আল-আমিনের ভাই মুস্তাফিজ জানান, আমার ভাই আল-আমিন ও পারভেজ ঘনিষ্ঠ বন্ধু।
জানা যায়, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড় এলাকার একটি হোটেল থেকে খাবার খেয়ে ঢাকার চকবাজারে মালামাল কেনার জন্য বের হয়েছিল। এসময় জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় দুটি মোটরসাইকেল করে চার দুর্বৃত্ত এসে গতিরোধ করে।
এসময় কোনো কিছু বোঝার আগেই দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে আল-আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের কাছে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, দুপুরে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। পরে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দিয়ে তাদের ভর্তি দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আ. দৈ./কাশেম




















