জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় হাছান মাহমুদসহ ১৮ জনের নামে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ জ ম নাসিরসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী; সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন; রেজাউল করিম; মহিউদ্দিন বাচ্চু; হেলাল আকবর; নুরুল আজিম রনি; শৈবাল দাশ সুমন; আবু ছালেক; এসবারুল হক; এইচএম মিঠু; নূর মোস্তফা টিনু; দেবাশীষ পাল দেবু; জমির উদ্দিন; ইমরান হাসান মাহমুদ; জাকারিয়া দস্তগীর; মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
গত ৫ এপ্রিল মামলায় ২২ আসামির বিরুদ্ধে ৬জনকে হত্যাসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) রাষ্ট্রপক্ষ থেকে দাখিল করা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা; দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ রয়েছে।
মোট ২২ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন চারজন। তারা হলেন, চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।
আ. দৈ./ কাশেম




















