নিজেকে প্রমাণের শেষ লড়াইয়ে নেইমার
স্পোর্টস ডেস্ক

সময় যেন দ্রুত ফুরিয়ে আসছে ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের এর জন্য। একসময় বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে থাকা এই খেলোয়াড় এখন সময়ের সঙ্গেই লড়াই করছেন। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সামনে এখন একটাই লক্ষ্য আবার নিজেকে প্রমাণ করা এবং শেষবারের মতো বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করা। তবে সেই পথটা মোটেও সহজ নয়, বরং নানা বাধায় ভরা।
বর্তমান পরিস্থিতিতে তার সেই লক্ষ্য অর্জনের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও বাড়ছে। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির এর অধীনে ব্রাজিল দলে ফিরতে হলে নেইমারকে পুরোপুরি ফিট হতে হবে এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অতীতের সাফল্য বা খ্যাতি এখানে কোনো বাড়তি সুবিধা দিচ্ছে না।
চোটই তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ইনজুরির কারণে ২০২৫ সালের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। লিগামেন্ট চোট থেকে ফিরে এলেও আগের ছন্দে ফিরতে পারেননি। মৌসুম চলাকালীন আবার অস্ত্রোপচারও করাতে হয়েছে। শারীরিকভাবে আগের মতো ধার এখন আর নেই এটা ক্লাব সান্তোস–ও জানে।
তবুও আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। নতুন বছরে ফিটনেস, খাদ্যাভ্যাস ও অনুশীলনে পরিবর্তন এনে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি এবং ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন। সে সময় ব্রাজিল দল থেকেও ইতিবাচক সংকেত ছিল। নিয়মিত যোগাযোগ ছিল এবং সুযোগের দরজাও পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু পরিস্থিতি বদলে যায় হঠাৎই।
মিরাসোলের বিপক্ষে একটি ম্যাচে ব্রাজিল দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারা সরাসরি নেইমারকে দেখতে চেয়েছিলেন। কিন্তু সেই ম্যাচে তিনি খেলেননি। ক্লাব এটিকে পরিকল্পিত বিশ্রাম বলে জানালেও বিষয়টি ভালোভাবে নেয়নি ফুটবল কর্তৃপক্ষ। এর প্রভাবও দ্রুত পড়ে। সর্বশেষ দলে জায়গা পাননি নেইমার।
আনচেলত্তি স্পষ্ট করে জানান, দলে সুযোগ পেতে হলে শতভাগ ফিট থাকা জরুরি এবং নেইমার এখনও সেই অবস্থায় পৌঁছাননি। এতে করে চাপ আরও বেড়ে গেছে তার ওপর। এর মধ্যে সাবেক তারকা রোনালদো, জিকো সহ অনেকেই তার পক্ষে কথা বলছেন। এমনকি জনপ্রিয় ব্যক্তিরাও তাকে দলে নেওয়ার দাবি তুলছেন। তবে এই সমর্থন নতুন বিতর্কও তৈরি করেছে বর্তমান পারফরম্যান্সের চেয়ে কি শুধুই খ্যাতির ভিত্তিতে দলে জায়গা পাওয়া উচিত?
এখন সময় খুবই সীমিত। হাতে আছে অল্প কিছু সুযোগ। এই সময়ের মধ্যেই নেইমারকে প্রমাণ করতে হবে তিনি এখনও ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ এবং বড় মঞ্চে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রাখেন।
একসময় যিনি ছিলেন ব্রাজিল ফুটবলের কেন্দ্রবিন্দু, এখন তিনি দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার মুখে।সব মিলিয়ে, এটি শুধু ফর্মে ফেরার লড়াই নয় বরং এটি এক তারকার শেষ লড়াই, বিশ্বকাপের মঞ্চে নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াই।
আ.দৈ/ এস আই পি




















