৩ মে থেকে শুরু ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক

আগামী ৩ মে থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে ৩ থেকে ৬ মে পর্যন্ত।
সম্মেলনের প্রস্তুতি নিতে সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে সব সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩-৬ মে পর্যন্ত ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন।
ডিসি সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব এবং সচিবরা বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। এসব অধিবেশনে তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সংশ্লিষ্ট কার্যালয়ের কার্যক্রম নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে মাঠ প্রশাসনের নানা সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
আ.দৈ/আরএস





















