রাজধানীর খিলগাঁওয়ে দোকানে ঢুকে ৭০ ভরি সোনা ও নগদ টাকা লুট
নিজস্ব প্রতিবেদক :

হঠাৎ করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্নক অবনতি ঘটেছে। এরই মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনাটি প্রশাসনকে নাড়া দিয়েছে। দোকানটি থেকে ৭০ ভরি সোনা ১৫০ ভরি রুপা ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ)গণমাধ্যমকে এ তথ্য জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় ‘আশিকে রাসুল জুয়েলার্স’ নামের দোকানটি অবস্থিত। গতকাল বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
ওসি মো. শফিকুল ইসলাম জানান, দোকান থেকে ৭০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছে মালিকপক্ষ। এছাড়া নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে। খিলগাঁও থানার ওসি বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর চুরির ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
আ. দৈ./কাশেম




















