অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নেবেন: তাজুল ইসলাম
ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম,খুন ও নির্যাতনে অসংখ্য ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। একই সঙ্গে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে বিএনপি সমর্থিত আইনজীবী নেতা অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছেন ।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আগের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগের আদেশ জারি করেছে।
জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ (অঈঞ ঘঙ. ঢওঢ ঙঋ ১৯৭৩ ) এর সেকশন ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো এবং একই সাথে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।’এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নেবেন

এদিকে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে তাজুল ইসলাম এ প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ। আমরা যেন ছাত্রদের আত্মত্যাগের কথা ভুলে না যাই। এসময় তিনি মামলার কার্যক্রম ও অগ্রগতিও তুলে ধরেন।
তাজুল ইসলাম বলেন, নতুন সরকার আসছে, এখন তাদের কার্যক্রম এগিয়ে নিতে তাদের লোকজনকেই দায়িত্ব নেবে এটাই স্বাভাবিক। তবে বিগত সময়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বজনরা যেন সঠিক বিচার, ন্যায়বিচার পান। নতুন চিফ প্রসিকিউটরকে মামলা পরিচালনার ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করার কথাও বলেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরে মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
আ. দৈ./কাশেম




















