গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট ,টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্বারা দাখিল করা চার্জশিট গ্রহণের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অপর আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। আদালত পরবর্তী তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৮ মার্চের দিন ধার্য করেছেন। এ খবরটি দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি পুরোনো, বর্তমানে ১১৩, ১১বি নতুন, রোড নং ৭১) দখল ও পরে রেজিস্ট্রি করেছেন।
গত বছরের ১৫ এপ্রিল দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছিল। পরে চলতি বছরের জুলাইয়ে শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে তার তদন্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়।
পরবর্তীতে দুদক ১১ ডিসেম্বর দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
আ. দৈ./কাশেম




















