রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাইকোর্টে গুরুত্বপূর্ণ মামলা শুনানিতে দৈনিক কজলিস্টে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম   (ভিজিট : ৮৭)
X

গুরুত্বপূর্ণ মামলার শুনানির স্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বাক্ষরিত ও জারি করা বিজ্ঞপ্তিতে এই পরিবর্তন আনা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির সানুগ্রহ অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রতিদিন মোট ২,৪৪০টি দৈনিক কার্যতালিকা মুদ্রণ ও বাঁধাই করে বিতরণ করা হয়। এসব কজলিস্ট বিচারপতিদের কোর্ট ও চেম্বার, অ্যাটর্নি জেনারেল অফিস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, সলিসিটর অফিস এবং সংশ্লিষ্ট বিভিন্ন শাখায় সরবরাহ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দৈনিক কার্যতালিকার পৃষ্ঠাসংখ্যা ৩০০-৩৫০ পৃষ্ঠা থেকে বেড়ে ৫০০-৫৫০ পৃষ্ঠায় উন্নীত হওয়ায় গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে কাজের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে জনবল সংকট থাকায় সময়মতো কজলিস্ট প্রস্তুত করতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে প্রেস কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট প্রশাসনকে অবহিত করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতি মাসের প্রথম কার্যদিবসে পূর্ণাঙ্গ কজলিস্ট এবং মাসের অন্যান্য কার্যদিবসে আংশিক কজলিস্ট প্রকাশ করা হলে তা সহজে বহনযোগ্য ও ব্যবহারযোগ্য হবে। একই সঙ্গে এতে কাগজের ব্যবহার কমবে এবং সরকারের আর্থিক ব্যয় হ্রাস পাবে।
এমতাবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা প্রতি মাসের প্রথম কার্যদিবসে পূর্ণাঙ্গ লিস্ট হিসেবে প্রকাশ করা হবে। মাসের অন্যান্য কার্যদিবসে সর্বোচ্চ দুই পাতার আংশিক কজলিস্ট প্রকাশ করা হবে।

আ. দে./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝