রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা-গোমতী সেতু দুর্নীতি মামলায় হাসিনা-কাদের-আমুসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৬ পিএম  আপডেট: ২১.১২.২০২৫ ৫:৫৩ পিএম  (ভিজিট : ১২৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাস ও  সাবেক সেতুমন্ত্রী সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম ও দুর্নীতির মামলায় দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের  প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক কর্মকর্তা জানান,আদালতের আদেশে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী (অর্থ ও পরিকল্পনা) এম এ মান্নান, সাবেক সচিব এম এ এন ছিদ্দিক, সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলিল, সাবেক উপ-সচিব মোহাম্মদ শফিকুল করিম, সাবেক প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল, সাবেক প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী এবং পরিচালক ইকরাম ইকবাল।

দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা ও সংস্থার সহকারী পরিচালক তানজিল হাসান আদালতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন।

আবেদনে বলা হয়, একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডকে পাঁচ বছরের জন্য মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি আদায়কৃত টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে (ভ্যাট ও আয়কর ব্যতীত) সার্ভিস চার্জ পায়। এই চুক্তির আওতায় সিএনএস লিমিটেড মোট ৪৮৯ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা বিল গ্রহণ করে।

দুদকের মামলায় উল্লেখ রয়েছে, সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩০৯ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৮৯০ টাকা। সংস্থাটির দাবি, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার এজাহারনামীয় আসামিরা দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।

এর আগে, গত ১২ অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১–এ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার বাদী ছিলেন দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের জন্য বিদ্যমান দরপত্র ইচ্ছাকৃতভাবে বাতিল করে একক উৎসভিত্তিক দরপত্র আহ্বান করা হয়। অন্য কোনো প্রতিষ্ঠানকে সুযোগ না দিয়ে কেবল সিএনএস লিমিটেডের সঙ্গে আলোচনা করে পাঁচ বছরের চুক্তি সম্পাদন করা হয়।

দুদক জানায়, এর আগে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই সেতুর টোল আদায়ের কাজ এমবিইএল-এটিটি মাত্র ১৫ কোটি ৫৮ লাখ টাকায় সম্পন্ন করেছিল। পরে ২০২২ থেকে ২০২৫ মেয়াদে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে ৬৭ কোটি ৫৪ লাখ টাকায় কার্যাদেশ দেওয়া হয়, যা পাঁচ বছরে রূপান্তর করলে দাঁড়ায় প্রায় ১১২ কোটি ৫৮ লাখ টাকা। দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে, সিএনএস লিমিটেড কথিত ‘নতুন প্রযুক্তি স্থাপন ও অবকাঠামো ব্যয়’ দেখিয়ে অতিরিক্ত ৬৭ কোটি ৪৩ লাখ টাকা দাবি করে।

দুদকের মতে, সিএনএস লিমিটেডের পরিচালকবৃন্দ, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কিছু সদস্যের যোগসাজশেই এই অনিয়ম সংঘটিত হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝