রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশকে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১০৪)
X

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

ড. ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। নির্বাচনি চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। এটি সাধারণ নির্বাচন নয়, গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহিদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার এই নির্বাচনে পুলিশকে সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।

গণঅভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের লক্ষ্য কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয়। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে পুলিশকে।  


তিনি আরও বলেন, আসন্ন সাধারণ নির্বাচনের সময় একইসঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে, যা আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে। গণভোটের মধ্য দিয়ে আমরা যে নতুন ভিত্তি পাব, সেটা শতবর্ষ ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলেন, অতীতের নির্বাচনগুলো আমরা সবাই দেখেছি। কেউ প্রহসনের নির্বাচন বলে, কেউ বলে প্রতারণা আর তামাশার নির্বাচন। সেখান থেকে বেরিয়ে অনেক উপরে উঠে আমাদের একটি নতুন মানদণ্ড তৈরি করতে হবে। সেই পরিবর্তন নিয়ে আসাই পুলিশ বাহিনীর বড় দায়িত্ব। 

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন এমন নির্বাচন হবে, বিদেশি পর্যবেক্ষকরা স্মরণ রাখবে। তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে বারবার বলবে—এ নির্বাচনের মতো নির্বাচন আমরা আর কখনো দেখিনি। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় উল্লেখ করে তিনি বলেন, এটা গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে এই নির্বাচনের মাধ্যমে। যে স্বপ্ন নিয়ে শহিদরা আত্মত্যাগ করেছিল, তাদের সেই স্বপ্নটার বাস্তবায়ন আমরা এই নির্বাচনের মাধ্যমে করে যাব।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদাবকস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।


আ.দৈ/আরএস





 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝