ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকাসহ বিভাগীয় শহরের বড় বড় ভবনগুলো
ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকাসহ সারাদেশে হঠাৎ ভূমিকম্পের ভয়বহতা নিয়ে আতঙ্ক বাড়ছে। কারণ ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের অনেক বিভাগীয় শহরও এলাকার অপরিকল্পিতভাবে তৈরি নতুন এবং পুরনো বঢ় বড় ভবন।
এদিকে ইতোমধ্যে গত ২১ নভেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনসমূহের প্রকৃত অবস্থা যাচাই এর লক্ষ্যে পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা ও বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ সরেজমিনে পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
আজ শনিবার (২২ নভেম্বর) রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মোঃ আব্দুল্লাহ আল মারুফ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এসময় আরমানিটোলার রেলিঙ ভেঙে ৩ জন নিহত হওয়া ভবনটি পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। তাৎক্ষনিকভাবে ভবনের নকশা প্রদানে ব্যর্থ হওয়ায় এবং ঝুঁকিপূর্ণ ভবনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করায় ভবনটির মালিকপক্ষের উপর অসন্তুষ্ট হন রাজউক চেয়ারম্যান এবং ৭ দিনের মধ্যে বিনা ব্যর্থতায় রাজউক চেয়ারম্যান বরাবর নকশা দাখিলের নির্দেশ দেন। এছাড়াও ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এরপর মুগদা এলাকায় পার্শ্ববর্তী ভবনের উপর হেলে পড়া একটি ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। পরিদর্শনকালে সার্বিক দিক বিবেচনায় ঝুঁকি চিহ্নিত করে ভবন দুটির নিচ তালায় থাকা দোকান বন্ধ করে দেওয়া হয় এবং ৭ দিনের ভেতর ভবনগুলোর নকশা দাখিলের নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান ও হোটেল গুলো অবিলম্বে বন্ধের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান।
পরিদর্শনকালে বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজের তিনটি ভবন ঘুরে দেখা হয়। এর মধ্যে কলামে ফাটল ধরায় দুটি ভবনের নকশা দাখিলের নির্দেশ প্রদান করা হয় এবং ভবন দুটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। এ লক্ষ্যে স্কুলের পাঠকার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, "এই ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্কবার্তা ছিল। এর থেকে সতর্ক না হলে আমাদের জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবনসমূহের তালিকা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনসমূহ সরেজমিন পরিদর্শন করে সিলগালা/ বন্ধ করে দেওয়া হচ্ছে ও কিছুক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ ও করা হচ্ছে। আমরা সকলে সচেতন না হলে আমরা অদূর ভবিষ্যতে চরম বিপর্যয়ের সম্মুখীন হব।" আজকের পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আ. দৈ./কাশেম




















