পূর্বাচলে পুলিশ ব্যারাক উদ্বোধন ডিএমপি কমিশনারের
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাংলাদেশ পুলিশের একটি বহুতল ভবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের "ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন" ও "ট্রাফিক ডিভিশন" এর জন্য পুলিশ ব্যারাকের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।
আজ শনিবার সকালে রাজধানীর পূর্বাচলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের আবাসনের জন্য এই ব্যারাক শুভ উদ্বোধন করেন তিনি। ওই ভবনে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক ডিভিশনের প্রায় ৭০০ জন পুলিশ সদস্যদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ডিএমপির ফোর্সের আবাসনের অসুবিধা কিছুটা লাঘব হয়েছে। উদ্বোধনের পর ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের নতুন ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, এই ব্যারাকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মানসম্মতভাবে থাকতে পারবেন যার ফলে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের মনোবল চাঙা থাকবে।
তিনি আরও বলেন, আমাদের এই রাষ্টীয় সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। একই সাথে জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ ও নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















