এইচএসসি ২০২৫ ফলাফল প্রকাশ কাল, যেভাবে জানবেন ফলাফল
নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায়। দেশের ১১টি শিক্ষা বোর্ড-সাধারণ, মাদ্রাসা ও কারিগরি- একযোগে ফলাফল প্রকাশ করবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে তাদের ফল জানতে পারবে—
১️. ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে।
২️. শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি শিক্ষা বোর্ডের ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও জানা যাবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানাবে।
৩️. এসএমএসের মাধ্যমে যারা মোবাইল ফোনে ফলাফল জানতে চান, তারা এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।
ফরম্যাটটি হবে— HSC <স্পেস> বোর্ডের_প্রথম_তিন_অক্ষর <স্পেস> রোল <স্পেস> 2025 পাঠাতে হবে 16222 নম্বরে
উদাহরণ: HSC DHA 123456 2025
ফলাফল প্রকাশ উপলক্ষে একই দিন সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
যেসব শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে চায়, তারা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে —
https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। শিক্ষা বোর্ড বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সব মিলিয়ে, এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন দেশের সোয়া ১২ লাখেরও বেশি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।
আ.দৈ/আরএস




















