আ'লীগ ও অঙ্গসংগঠনের ৭ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমমবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০), ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: আবু সাইদ (৪২), জাতীয় শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭), রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম (৪৮), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০), ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন মৃধা (৩৭) ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো: সাগর হাসান (৩২) ।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ কর্তৃক পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সলিম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। একই দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: আবু সাইদকে গ্রেফতার করা হয়। অপরদিকে গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ পারভেজকে গ্রেফতার করে। এছাড়া ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেফতার করে।
মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে খাজা টিপু ফরহাদকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগ। একই রাতে দারুস সালাম থানা এলাকা থেকে মোঃ কামাল হোসেন মৃধাকে গ্রেফতার করে মিরপুর গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম। মঙ্গলবার সকালে তেজগাঁও গোয়েন্দা বিভাগের অন্য একটি টিম মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে সাগর হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ ইমু




















