রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু নির্বাচনঃ প্রার্থীদের দৃষ্টিতে ভোটের চিত্র
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৮ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৫ ৫:১৩ পিএম  (ভিজিট : ৭৩)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ৩৮তম নির্বাচনের ভোট চলাকালে প্রতিদ্বন্দী প্রার্থীদের কেউ কেউ নিয়ম ভঙ্গের অভিযোগ করেছেন, আবার কেউ দাবী করেছেন, পরিস্থিতি খুবই ভালো। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আটটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। এরই মধ্যে নির্বাচন ঘিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন প্রার্থীরা। 

ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান : 

নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বলেছেন, খবরটি আমার লোকজন আমাকে দেখিয়েছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই। ছাত্রদলের প্রার্থীর দাবি, ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা নিজেই তাকে কেন্দ্রের ভেতরে নিয়ে গেছেন।

আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে, তা পরিকল্পিত এবং তার কোনো ভিত্তি নেই। কেন্দ্রের অফিসার নিজেই আমাকে কেন্দ্রের ভেতরে নিয়ে গেছেন এবং আমাকে স্বচ্ছ ব্যালট বাক্স দেখিয়েছেন। এটা নির্বাচনের একটা স্বাভাবিক প্রক্রিয়া।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। তার ভাষ্য, এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রয়েছে।  সাদিক কায়েম বলেন, সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ভিজিট করেছি। সবকিছু স্বাভাবিক ও সুন্দর রয়েছে। শেষ পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তবে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। এখন পর্যন্ত সবকিছু পজিটিভলি হচ্ছে।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা :

 বিপুল সংখ্যক আবাসিক-অনাবাসিক ছাত্রীর উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।

সকালে টিএসসি কেন্দ্র পরিদর্শনে গিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এ প্রার্থী বলেন, মেয়েরা অনেক স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে, এটা আসলে সত্যি আনন্দের। আমরা মনে করেছিলাম, নারী শিক্ষার্থীরা বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীরা তাদের হয়ত ভোটার টার্নআউটটা কম হবে।

আলহামদুলিল্লাহ, আমি বলব যে, অনাবাসিক শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তারা অনেক বেশি উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে। এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য এবং আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীরা তাদের দায়িত্বটা, তাদের ভোটের অধিকারটা সম্পর্কে সচেতন। আমরা আশা করি যে, ভালো কিছু হবে। তবে ভোটারদের লাইনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, অনেক লম্বা লাইন এখানে তৈরি হয়ে গেছে।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমি নিজেও ডাকসুর জন্য অনশন করেছি, সংগ্রাম করেছি। অনেক লড়াই ও সংগ্রামের পর এই নির্বাচন পেলাম।

বিন ইয়ামিন মোল্লা বলেন, আশা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ভোট দিতে আসবেন। ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্ধারণ করে নিতে পারবেন। ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারির বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ভোটকেন্দ্র আরো বাড়াতে পারতো। তাহলে শিক্ষার্থীদের এত লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে হতো না। যদি বৃষ্টি হয় তাহলে শিক্ষার্থীদের পরিস্থিতি কি হবে, সেটা প্রশাসনের বিবেচনা করা উচিত ছিল।

ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম : 

ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী, তাদের উপস্থিতিই বদলে দেবে পরিস্থিতি। সবাইকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আসার আহ্বান জানান তিনি।

ভোট দিতে কেমন লেগেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তানভীর বারী হামিম বলেন, তার ভোট দিতে ১০ থেকে ১২ মিনিট সময় লেগেছে। প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ভোট দিতে সময় একটু বেশি লাগছে। বুথের সংখ্যা আরও বাড়ালে ভালো হতো বলেন তিনি।

ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদ :

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, নির্বাচনে বেশ কয়েকটি ব্যত্যয় হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না। তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

ফরহাদ বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে, ইউল্যাব স্কুল অ্যান্ড কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে এক্সেস দেওয়া হয়েছে। এ রকম অভিযোগ তারা দিয়েছে। এটি খুবই কনসার্নের জায়গা।

ফরহাদ বলেন, প্রশাসনের এ ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতমূলক। প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়া দরকার ছিল, সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা খুবই দুঃখজনক।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খায়রুল হাসান : ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খায়রুল হাসান।

খায়রুল হাসান বলেন, আমরা কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দিলাম। গতকাল রাতে এজেন্টদের কার্ড পেলাম। সকালে কার্ড নিয়ে যখন আমার এজেন্ট ইউ ল্যাব কেন্দ্রে প্রবেশ করল, সেখানে ঢোকার পর দেখা গেল, যারা দায়িত্বরত আছেন, তারা আমার প্যানেল থেকে যে এজেন্ট আছে, তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ব্যাখ্যা চাওয়া হলে দায়িত্বরতরা বললেন, তাদের কাছে নাকি গতকাল রাতে একটা লিস্ট এসেছে। সেই লিস্টে যাদের নাম আছে শুধু তাদেরই ঢুকতে দেবে।

আ. দৈ./কাশেম/ ইকে টিপু



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝