রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনুস লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে নৈশভোজে অংশ নিবেন
ডেস্ক নিউজ
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১১:৩৫ এএম  আপডেট: ১১.০৬.২০২৫ ১১:৪০ এএম  (ভিজিট : ১২৩)
X

যুক্তরাজ্যের লন্ডনে টানা চার দিনের সরকারি সফরে ব্যস্ততম সময় কাটাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  আজ বুধবার (১১ জুন) লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা থাকলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কানাডা সফরে থাকায় এখনো বৈঠকের সময় নির্ধারণ করা যায়নি।

তবে সরকার প্রধানদের বিপক্ষীয় বৈঠক অনিশ্চিত হলেও আজ বুধবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে নৈশভোজে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। লন্ডন ও ঢাকার কূটনৈতিক সূত্র কালবেলাকে এসব নিশ্চিত করেছে।  মূলত ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ড. ইউনুসকে কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-প্রদান করবেন রাজা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্য কিংস ফাউন্ডেশন এর ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১১ জুন সন্ধ্যায় একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে আর সেখানেই প্রধান উপদেষ্টা যোগ দেবেন এবং সেখানে রাজার সাথে একান্তে আলাপ হবে বলেও জানা যায়।

এদিকে গতকাল মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশে না থাকায় বৈঠকের সময়সূচী এখনো অনিশ্চিত। তবে অধ্যাপক ইউনূসের লন্ডনে অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে এবং তার শিডিউল (সূচি) পাওয়া গেলে বৈঠক হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অধ্যাপক ইউনূসের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক।  আগামী ১৩ জুন লন্ডন সময় সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর তার সাথে বৈঠক করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছিল। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা এবং কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

অধ্যাপক ইউনূসের লন্ডন সফর ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতরা তার অবস্থানরত হোটেলের সামনে বিক্ষোভ করেছে এবং তার পদত্যাগের দাবি জানিয়েছে। এই পরিস্থিতির কারণে প্রবাসীদের সঙ্গে ‘মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে। এই সফরে অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের কাছে সরকারের সংস্কার প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরবেন। 

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, অ্যাওয়ার্ড নিতে প্রধান উপদেষ্টা লন্ডন সফর যাবেন স্থির করলেও এই সফরটিকে সরকারি সফর হিসেবে গণ্য করা হচ্ছে। তাই ড. মুহাম্মদ ইউনুসের সফরটিকে গুরুত্বপূর্ন করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ইচ্ছে অনুয়ায়ী গুরুত্বপূর্ন বৈঠকগুলো নির্ধারিত হচ্ছে।

আ.দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝